নিজস্ব প্রতিবেদক

বিএনপির দেশ পরিচালনার যোগ্যতা নেই। নিজেদের যোগ্য প্রমাণ করতে হলে দুর্নীতি-নৈরাজ্য-মানুষ হত্যা থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান মিলনায়তনে আয়োজিত যুবলীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহীতে যুবলীগের এই বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ বলেন, বিএনপিকে ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নাকে খত দিতে হবে। কিন্তু তারা (বিএনপি নেতারা) তা পারবে না। আর এ জন্যই তারা বাংলাদেশকে ধ্বংস করতে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। কিন্তু ক্ষমতায় আসতে বিদেশি প্রভুদের কাছে গিয়ে লাভ হবে না। ক্ষমতায় আসতে হলে আগে জনগণের কাছে মাফ চান। নাকে খত দিয়ে আসেন। বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের যোগ্যতা একমাত্র শেখ হাসিনার আছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কারণে তার প্রতি এ দেশের জনগণের আকর্ষণ অনেক বেড়ে গেছে। সেটাই আগামী ২৯ জানুয়ারির জনসভায় প্রমাণিত হবে।
জননেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য এদের মানুষ অধীর আগ্রহে বসে রয়েছেন। এই জনসভায় জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তার ঐতিহাসিক ভূমিকা আবারও প্রমাণিত করবে। এই সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছেন যুবলীগের চেয়ারম্যান।
ফজলে শামস্ পরশ বলেন, আজকের পর যুবলীগের নেতাকর্মীরা নিজ নিজ ইউনিটে গিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেবে। এই সমাবেশ আমাদেরকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সমাবেশে শক্তি প্রদর্শন ও জনসম্পৃক্ততার মাধ্যমে আমরা বিরোধী শক্তিকে জানাতে চাই, জননেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়, প্রথিত ও আদর্শিক নেত্রী। আপনাদের সর্বোচ্চ জনবল নিয়ে সমাবেশে শরিক হবেন। আজকে থেকেই সেই প্রস্তুতি নিতে হবে আপনাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, যারা নতুন করে হাওয়া ভবন, খোয়াব ভবন তৈরি করতে চায় তাদেরকে এই যুবলীগ প্রতিহত করবে। বিএনপি-জামায়াতের স্বপ্ন পূরণ হতে দেব না। প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর সব জায়গা জনসমুদ্রে পরিণত হবে। শেখ ফজলুল হক মনি যুবলীগকে শক্তিশালী করেছিল। কিন্তু তাকেও হত্যা করা হয়েছিল। মনির সুযোগ্য সন্তান পরশ ও নিখিলকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। রাজশাহীতে যুবলীগের যত ইউনিট আছে তাদেরকে মাঠে, গ্রামে, নগর-বন্দরে গিয়ে জনমত গঠন করে হাসিনার বর্ণিল আগমনে ভরে দিতে হবে। আগামী দিনের ক্ষমতা বদলের মালিক হবেন এ দেশের জনগণ। ওরা যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওদের বলতে চাই, সংবিধান বহির্ভূত এদেশের কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচনের সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। বিএনপি নতুন করে আগুন জ্বালাতে, যানবাহন পোড়াতে চায়। এবার যুবলীগ তা ভেঙে দেবে। আগামী নির্বাচনে অতন্দ্র প্রহরী হয়ে আমাদেরকে কাজ করতে হবে। কারণ রাজশাহীর ৬টি আসনেই আওয়ামী লীগকে জনগণ ম্যান্ডেট দেবেন।