‌‌‌অবশেষে পেনাল্টিতে গোল করেই পেনাল্টি মিসের হতাশা দূর করলেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদো ও আরেক তারকা খেলোয়াড় পাওলো দিবালার গোলে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান সিরি এ চ্যাম্পিয়নরা।

এর আগে এসি মিলানের বিপক্ষে মাঠে ফেরার ম্যাচে পেনাল্টি মিস করেন ক্রিশ্চিয়ানো, যা সচরাচর দেখা যায় না। বোলোনিয়ার বিপক্ষে এই পেনাল্টির গোলেই যেন জবাব দিয়ে দিলেন সমালোচকদের ।

সোমবার রাতের ম্যাচে বোলোনিয়ার মাঠে খেলতে গিয়ে দুই গোলই প্রথমার্ধে করেছে জুভেন্টাস। ম্যাচের ২২ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন ডাচ তরুণ প্রতিভা ম্যাথিয়াস ডি লিট। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি রোনালদো।

এর ১৩ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন দিবালা। কোপা ইতালিয়ার ফাইনাল ম্যাচে টাইব্রেকারে তিনিই প্রথম ব্যর্থ শট নিয়েছিলেন। সেই হতাশা ভুলে বোলোনিয়ার বিপক্ষে গোল করেন ডি-বক্সের বাইরে থেকে এক বাঁকানো শটে। তাকে বল বাড়িয়ে দিয়েছিলেন বার্নার্ডোস্কি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোন দল। উল্টো একদম শেষমুহূর্তে গিয়ে দলের বিপদ বাড়িয়েছেন জুভেন্টাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। অযাচিত এক ফাউল করে দেখেছেন লাল কার্ড।

২-০ গোলের এ জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত হয়েছে জুভেন্টাসের।