থার্ড আই ডেস্ক::

স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগ তুলে পাল্টা নির্বাচন কমিশন গঠন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির একাংশ।শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২১-এর নির্বাচন কমিশন গঠন হওয়ার তিন দিন পর এ ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে পৃথক দু’টি সংবাদ বিজ্ঞপ্তিতে তারা তিন সদস্যের এ কমিশন গঠন করেন।তবে এভাবে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে তারা গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন বলে পাল্টা অভিযোগ করেছেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি রশিদুল ইসলাম শেখসহ কমিটির ১৫ জনের আটজন।

তাদের অভিযোগ, গঠনতন্ত্র অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হয়। তারা গঠনতন্ত্র না মেনে ও সংখ্যাগরিষ্ঠের মতামতে গঠিত নির্বাচন কমিশনকে উপেক্ষা করেন। একই দিনে নির্বাচন করতে অবৈধভাবে আলাদা নির্বাচন কমিশনও গঠন করেন।

জানা যায়, গত ৩০ ডিসেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৩ ডিসেম্বর নির্বাচন করার জন্য রসায়ন বিভাগের অধ্যাপক ড. একেএম রায়হান উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমানকে নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করা হয়।

সেই নির্বাচন কমিশন গত ২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে। এরপর ৩ ডিসেম্বর সমিতির একাংশ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হককে প্রধান নির্বাচন কমিশনার, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. জুলহাস উদ্দিনকে নির্বাচন কমিশনার করে পাল্টা একটি নির্বাচন কমিশন গঠন করে। শিক্ষক সমিতির একাংশের গঠিত এ নির্বাচন কমিশনও ১৩ ডিসেম্বর একই স্থানে নির্বাচন করার ঘোষণা দেন।

এম/এ