থার্ড আই ডেস্ক::
এক ম্যাচ হাতে রেখেই মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস। রবিবার জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৩-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা উৎসব করেছে বসুন্ধরার মেয়েরা।
দীর্ঘ প্রায় ৭ বছর পর মাঠে গড়িয়েছিল মেয়েদের লিগ। দেশের ফুটবলের নতুন শক্তি বসুন্ধরা এবারই প্রথম অংশ নেয় লিগটিতে। শক্তিশালী দলটি প্রথম আসরেই বাজিমাত করল।
আগের ১০ ম্যাচে সব কটিতে জেতা বসুন্ধরার শিরোপার জন্য প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। ১১ ম্যাচের সবগুলো জিতে ৩৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়ল দলটি। বুধবার এফসি উত্তর বঙ্গের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে দলটি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন বসুন্ধরার বড় জয়ে সর্বাধিক ৫ গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। ২টি করে গোল করেন সিরাত জাহান স্বপ্না ও সারাবন তহুরা। ১টি করে গোল করেছেন নার্গিস খাতুন, মারিয়া মান্ডা ও শিউলি আজিম। অন্য গোলটি তারা পেয়েছে আত্মঘাতী থেকে।
কাচারিপাড়া একাদশের আশা ৮ মিনিটে নিজেদের জালে বল ঠেলে দেন। ব্যবধান কমানো একমাত্র গোলটিও করেছেন তিনি।
লিগের শুরু থেকে পয়েন্ট টেবিলে বসুন্ধরা কিংসের পেছনে ছোটা নাসরিন একাডেমি ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আসরে এখন পর্যন্ত ৩৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন বসুন্ধরা অধিনায়ক সাবিনা। ১৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে তারই ক্লাব সতীর্থ কৃষ্ণা রানি সরকার।
সৌজন্যে: দেশ রূপান্তর/এমএ




