থার্ড আই ডেস্ক::
মেহেরপুর মুক্ত দিবস আজ ৬ ডিসেম্বর। মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে দাঁড়াতে না পেরে এদিন হানাদার বাহিনী মেহেরপুর ছেড়ে পালিয়ে যায়। স্বাধীনতার সূতিকাগার মুজিবনগর তথা মেহেরপুরের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
তৎকালীন এসডিও তৌফিক এলাহির সক্রিয় ভূমিকায় ছাত্র, আনসার-মুজাহিদদের নিয়ে মুক্তিবাহিনী গড়ে তোলা হয়। ভারতের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ শেষে মুক্তি বাহিনী মেহেরপুর প্রবেশ করে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ৬ ডিসেম্বর সকালে আর কোনও পাক বাহিনীর সদস্যকে খুঁজে পাওয়া যায়নি।
আজ রোববার (৬ ডিসেম্বর) ভোর থেকেই নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে মেহেরপুর মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করেন জেলা প্রশাসক ড. মুনছুর আলী খাঁন। সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধারা। পরে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় মুক্তিযুদ্ধে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। তবে করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচী পালন করা হয়।
এমএ




