থার্ড আই ডেস্ক::

পদ্মা সেতু স্থাপনের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপের সাথে প্রবল বেগে ধাক্কা লেগে ডাম্ব ফেরি রাণীগঞ্জের তলায় ফাটল ধরে ভিতরে পানি প্রবেশ করে। রোববার রাত ১২টার দিকে ২২টি যানবাহন এবং ফেরিটিতে যাত্রী ও কর্মীসহ চার শতাধিক মানুষ নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে এ ঘটনা ঘটে। পরে যাত্রী ও যানবাহন ঘাটে নামিয়ে দেয়ার পরে নোঙর করা হলে সোমবার দুপুর ১টার দিকে পুরো ফেরিটি পদ্মায় ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে ডাম্ব ফেরি রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার সময়ে নদী খননের ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। পরে দ্রুত ফেরিটি রাত ৪টার দিকে বাংলাবাজার ঘাটে এসে যানবাহন নামিয়ে নোঙর করে রাখে। তবে ভিতরে পানি প্রবেশ করে পুরো ফেরিটি ডুবতে থাকে। পরে সোমবার বেলা ১টার দিকে পুরো ফেরিটি পদ্মায় ডুবে যায়।

এদিকে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের জন্যে বিআইডব্লিউটিএ চেষ্টা চালিয়ে যাচ্ছে।