থার্ড আই ডেস্ক::
করোনাভাইরাস মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে বিনা সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
দেশের ৩৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪১ হাজার ৫০১ জন শিক্ষার্থী এই ঋণ সহায়তার আওতায় আসবে। যারা প্রত্যেকেই ঋণ পাবে ৮ হাজার টাকা করে। এই অর্থ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক বরাদ্দের বিপরীতে অগ্রিম হিসেবে সংশ্লিষ্ট খাতে সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হবে।
ইউজিসির তথ্য মতে, ‘সফটলোন অনুমোদন কমিটির’ সুপারিশের আলোকে অনধিক ৮ হাজার টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। ঋণপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের শুধুমাত্র আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবেন। এই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ হাজার ৫৫৬ শিক্ষার্থীও এই বিনা সুদে ঋণ সুবিধার সুযোগ পাচ্ছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েও ঋণ সুবিধা থেকে বঞ্চিত ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রায় দুই লক্ষ শিক্ষার্থী।
সম্প্রতি সাত কলেজের সমন্বয়ক এবং কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকার এক ফেসবুক স্ট্যাটাসে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য এক জরুরি নির্দেশনা দেন। ওই নির্দেশনা তিনি অনলাইন ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ করতে অনেকটা সফল বলে দাবি করেন।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান খুললে যাতে পরীক্ষা শুরু করা যায় তার জন্য পরীক্ষা কমিটি গঠন, প্রশ্ন প্রণয়ন, রুটিন তৈরি, ফরম পূরন সহ সবকিছুর প্রস্তুতিও বিশ্ববিদ্যালয় শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।
তবে বাস্তবতা হচ্ছে ভিন্ন। সাত কলেজে অধ্যায়নরত স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থীরাই বলছেন, অনলাইন ক্লাসে অংশগ্রহণের প্রয়োজনীয় ডিভাইস না থাকায় এবং ইন্টারনেটের উচ্চমূল্যের কারণে অনেক শিক্ষার্থীরাই অনলাইন ক্লাসে অনুপস্থিত ছিল।
শিক্ষার্থীদের দাবি, ইন্টারনেটের উচ্চমূল্যের কারণে প্রাতিষ্ঠানিকভাবে কোন ধরনের পদক্ষেপ না নেয়ার দরুন স্মার্ট ফোন থাকার পরও অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না। শিক্ষার্থীদের দাবি, এসব সুবিধা নিশ্চিত করা গেলে অনলাইন ক্লসে অংশ নিয়ে উপকৃত হতে পারবেন তারা।ি
এমএ




