শাবি প্রতিনিধি::

চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ত্বরান্বিত করতে ‘আমার চোখে মুক্তিযুদ্ধ’ শিরোনামে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্রের রিভিউ প্রতিযোগিতার আয়োজন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’। গতকাল রবিবার এই প্রতিযোগিতা শুরু হয়েছে যা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে এই তথ্য জানান সংগঠনটির সভাপতি ফাহিম আল হৃদয়।

তিনি বলেন, প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবে। তবে প্রতিযোগীদের কিছু নির্দেশনা মানতে হবে। যেমনঃ চলচ্চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত হতে হবে, শব্দ সংখ্যা নির্ধারিত নয়, বাংলা এবং ইংরেজি দুই ভাষায় ব্যবহার করা যাবে, একজন ব্যক্তি একাধিক রিভিউ লিখতে পারবে, রিভিউ’র শুরুতে চলচ্চিত্রের নাম, পরিচালক, মুক্তির সাল ও পোস্টে সেই চলচ্চিত্রের পোস্টার বা স্থিরচিত্র থাকতে হবে, কোন প্রকার কপি গ্রহনযোগ্য হবে না, পোস্টে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে [#আমারচোখেমুক্তিযুদ্ধ] এছাড়া রিভিউ অবশ্যই চোখ ফিল্ম সোসাইটির গ্রুপে জয়েন করে পোষ্ট করতে হবে।

তিনি আরো বলেন, ২১ ডিসেম্বর অনলাইনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে সেরা তিন জনকে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই উপহার দেওয়া হবে বলে জানান তিনি।

এমএ