শাবি প্রতিনিধি::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র শিক্ষকদের নিয়ে চার দিনব্যাপী সাইন্টিফিক রিপোর্ট রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মাশালার সার্বিক তত্বাবধানে ছিল বিশ্বিবদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
গত ২, ৩, ৬ এবং ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সেমিনার কক্ষে স্বাস্থ্যবিধি মেনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
এছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মুনিম জোয়ারদার, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শামিম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা আরো বেশি বৃদ্ধি করা। সেই জন্য ট্রেনিং এর কোন বিকল্প নেই। তাই দক্ষতা বাড়াতে শিক্ষকদের যেই বিষয়ে ট্রেনিং লাগবে সেই বিষয়েই ট্রেনিং করানো হবে।
তিনি আরো বলেন, ভাল বীজ থেকে যেমন ভাল ফল হয় তেমনি ভাল শিক্ষক এর মাধ্যমে ভালো ছাত্রের জম্ম হয়। তাই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা কোন আপস করিনি। আমাদের শিক্ষকদের আমরা এমনভাবে তৈরি করতে চাই যেন তাদের নিজস্ব স্বকীয়তা থাকে। শিক্ষার সাথে সাথে গবেষণার বিকল্প কিছু নেই। তাই শিক্ষকদের গবেষণার জায়গা যেন শক্ত থাকে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আপডেটের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক ভাল কাজ হওয়ার পরেও রেঙ্কিং এ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। তাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সবসময় আপডেট রাখতে হবে। কারণ ওয়েবসাইট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি।
এমএ




