থার্ডআই ডেস্ক:
মুগ্ধতা ছড়ানো এক লড়াই উপহার দিল ইউরো কাপ ২০২০-এর প্রথম সেমিফাইনাল ম্যাচটি। লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত যে ম্যাচে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে শেষ হাসি ইতালির। ১ (৪)-১ (২) ব্যবধানের জয়ে ফাইনালে পৌঁছে গেল রবার্তো মানচিনির দল।
মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচটির নির্ধারিত সময়ের খেলায় পিছিয়ে পড়ার পর আলভারো মোরাতার গোলে সতায় ফিরে স্পেন।
কিন্তু সেই মোরাতাই টাইব্রেকারে গোল করতে ব্যর্থ। যার এসিস্ট থেকে মোরাতা গোল করেন, সেই দানি ওলমোও পেনাল্টি থেকে গোল করতে পারেননি। পরে ইতালির জোরগিনহো বল জালে জড়াতেই লেখা হয়ে যায় ম্যাচের ম্যাচের ভাগ্য।
বুধবার ইংল্যান্ড ও ডেনমার্কের মধ্যে অপর সেমিফাইনাল। যে ম্যাচে জয়ীদের বিপক্ষে রবিবার শিরোপার লড়াইয়ে নামবে ইতালি। যারা স্পেনের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ল।
বদল দখল ও আক্রমণ- শুরু থেকেই দুই ক্ষেত্রেই এগিয়ে ছিল স্পেন। কিন্তু এক রকম খেলার ধারার বিপরীতেই ম্যাচের ৬০ মিনিটে পিছিয়ে পড়ে লুইস এনরিকের দল। ফেদেরিক চিয়েসার গোলে এগিয়ে যায় ইতালি। তবে ৮০ মিনিটে স্পেনের পক্ষে সমতা ফেরান আলভারো মোরাতা।
স্পেনের প্রথম একাদশে ছিলেন না মোরাতা। পরে ফেরান তোরেসের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
নির্ধারিত সময়ের খেলা শেষ পর্যন্ত ১-১ সতায় শেষ হয়। অতিরিক্ত সময়েও কোনো দল গোল না পেলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ইতালির প্রথম শটটাই রুখে দেন স্পেন গোলরক্ষক উনাই সিমোন।
ম্যানুয়েল লোকাতেল্লির নেওয়া শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান সিমোন। তাতে টাইব্রেকারের শুরুতেই জমে যায় লড়াই। এদিকে স্পেনের পক্ষে প্রথম শট নিতে গিয়ে উড়িয়ে মারেন দানি ওলমো। একটি করে শট শেষেও ম্যাচে থাকে সমতা।
এরপর টানা তিন শটে ইতালি গোল করলেও স্পেনের পক্ষে চতুর্থ শট মিস করেন আলভারো মোরাতা। বাঁ দিকে ঝাঁপিয়ে তার শট রুখে দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা।
ইতালির পক্ষে পঞ্চম শটে জোরহিনহো গোল করতেই ম্যাচের নিষ্পত্তি। ৪-২ এ টাইব্রেকারে জয় ইতালির।
শক্তিশালী স্পেনের বিপক্ষে ইতালির এই জয়কে কষ্টার্জিত জয়ই বলতে হবে। কিছুটা ভাগ্যের ছোঁয়াও হয়ত পেয়েছে দলটি। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে যোগ্যতম দল হিসেবেই ফাইনালের মঞ্চে নীল জার্সিধারীরা।




