শাবি প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগত বৃদ্ধিতে সারাদেশে চলছে কঠোর লকডাউন। এমতবস্থায় সিলেটে আটকে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে পৌঁছিয়ে দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বৃহস্পতিবার (৮ জুলাই) সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউনে সিলেটে আটকে পড়া সাধারণ শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ছাত্র কল্যাণ উপদেষ্টা বরাবর একটি আবেদন পত্র প্রেরণ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে, চলমান সেমিস্টার ফাইনালের অসমাপ্ত কিছু পরীক্ষা সম্পন্ন করার জন্য শাবিপ্রবির প্রায় ১৫ টি বিভাগের অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্স সহ অন্যান্য বর্ষের বেশ কিছু শিক্ষার্থী সিলেটে অবস্থান করছে। বর্তমান লকডাউনে শিক্ষার্থীদের সিলেটে অবস্থান করা কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে এবং লকডাউন ঘোষনা করায় তারা বাড়ি ফিরে যেতে পারছে না।
আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে বাড়িতে যাওয়া অনেকের কাছেই জরুরী হয়ে দাড়িয়েছে। উক্ত বিষয়গুলো উল্লেখ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছে।
‘আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা করবেন বলে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছেন’ উল্লেখ করে বিবৃতিতে আরও জানানো হয় যে, সিলেটে আটকে পড়া শিক্ষার্থী এবং তাদের গন্তব্য স্থান সম্পর্কিত তথ্যাদি জানতে চেয়েছেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক।
এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাক্সিন প্রদান সম্পর্কিত বিষয় জানতে চাওয়া হলে তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে অলোচনা করবেন বলে বিবৃতিতে জানানো হয়।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাড়িতে পৌছিয়ে দিতে উদ্যোগ নিয়েছে। এর প্রেক্ষিতে সিলেটে আটকে থাকা শাবি শিক্ষার্থীরা এ দাবি জানিয়েছে।




