থার্ডআই ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের শরিষাবাদ বাংলাবাজার মাঠে বজ্রপাত ঘটে। মৃত দু’জন হলেন- ওই গ্রামের আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুস সামাদ মাঠে পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করছিলেন।
তার ছেলে হাবিবুর রহমান বাবাকে চাষে সহযোগিতা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত হয়।

মাঠের অন্যান্য কৃষকরা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর সংবাদ থানায় এসেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।