থার্ডআই ডেস্ক:
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে বাদশা শেখ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও ভাই। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চর কর্নেশনা এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর দৌলতদিয়া আইনদ্দিন প্রামাণিকের পাড়ার নুরু শেখের ছেলে। তার বড় ভাইয়ের নাম কবির শেখ।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নৌকাযোগে নদীতে চর কর্নেশনা এলাকায় জাল ফেলে ইলিশ মাছ ধরছিলেন তারা। হঠাৎ চারদিক মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতসহ প্রচুর বৃষ্টি নামতে শুরু করে।
একপর্যায়ে তাদের নৌকার ওপর বজ্রপাত হলে বাদশা শেখ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার বাবা ও বড় ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল গাফফার।
তিনি জানান, বজ্রপাতের পর আহত অবস্থায় নুরু শেখ ও তার ছেলে কবির অতিকষ্টে নৌকা চালিয়ে তীরে আসেন। পরে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। আহত দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।



