থার্ডআই ডেস্ক:

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ এখন আফগানিস্তানে অবস্থান করছেন। গত ৪ সেপ্টেম্বর তিনি পাকিস্তানের সিনিয়র নেতাদের একটি প্রতিনিধিদল নিয়ে কাবুলে পৌঁছান। কিন্তু তিনি সেখানে আসলে কী করছেন?

পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অনলাইন জানায়, পাকিস্তান সফররত ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক রাবকে শনিবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জানিয়েছেন, পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার তথা সবাইকে নিয়ে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনে সহায়তা করবে।
আর এই লক্ষ্যকে সামনে রেখেই শনিবার আফগানিস্তানে নতুন সরকার গঠনের যে ঘোষণা দেওয়া হয়েছিল তাও এক সপ্তাহের জন্য স্থগিত করেছে তালেবান।

তালেবানরা কঠোর ইসলামী শাসনব্যবস্থার জন্য সবচেয়ে বেশি সমালোচিত। তবে নতুন সরকারে তারা অনেকটা আগের কঠোরতা থেকে সরে আসবে বলে শোনা যাচ্ছে। তারা নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রের বিষয়ে সবচেয়ে বেশি কঠোর ছিল।
এবার তারা একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে, নতুন সরকারের শীর্ষ স্তরে নরীদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা খুব কম।