থার্ডআই ডেস্ক:

সালমান শাহ অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘চাওয়া থেকে পাওয়া’র একটি বিখ্যাত গান ‘সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে’। এ গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর এ গানের মূল কণ্ঠশিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। সেই গানটিই এবার নতুনভাবে গেয়েছেন এ প্রজন্মের গায়িকা পড়শী।

আর এর সংগীতায়োজনে করছেন প্রত্যয় খান।
সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। গত শনিবার রাজধানীর তিনশ ফিটে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে। গানটি ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে পড়শী নিজেই মডেল হয়েছেন।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী পড়শী বলেন, ‘যখন থেকে সালমান শাহর সম্পর্কে আমি জেনেছি, তার সিনেমা দেখেছি; তখন থেকেই আমি তার বড় একজন ভক্ত। তার অভিনীত সিনেমার অনেক গানই আমার খুব প্রিয়।

এর আগে একবার সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে তাকে ট্রিবিউট করে গান গেয়েছিলাম। এবার প্রথমবারের মতো তার সিনেমার গান রেকর্ড করেছি। তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা থেকেই এ কাজটি করেছি। জানা গেছে, মূল গানটির স্বত্বাধিকারী ছিল অনুপম মিউজিক। ৬ সেপ্টেম্বর তাদেরই ইউটিউব চ্যানেলেই গানটি উন্মুক্ত করা হবে।