থার্ডআই ডেস্ক:
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে টপকে গেছেন মোস্তাফিজুর রহমান। দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী বাংলাদেশি পেসার। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের গত হালনাগাদে ৯ নম্বরে উঠে এসেছিলেন সাকিব। এবারও একই অবস্থান ধরে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
মোস্তাফিজ-সাকিবের পরে বাংলাদেশি বোলারদের মধ্যে আছেন নাসুম আহমেদ। ২৫ ধাপ এগিয়ে ১৫তম অবস্থানে উঠে এসেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে টম লাথামের সঙ্গে টুর্নামেন্ট সেরার পুরস্কার ভাগাভাগি করেছেন নাসুম। এছাড়া বাংলাদেশিদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদি হাসান (২০তম) মোহাম্মদ সাইফউদ্দীনের (৩৪তম)।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে দশে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে হেসেছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ব্যাট। প্রোটিয়ারা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে লঙ্কানদের। ১২১.৪২ স্ট্রাইক রেটে সিরিজে ১৫৩ রান করেছেন ডি কক।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন মাহমুদউল্লাহ। কিউইদের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে দারুণ ব্যাটিংয়ে দশ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। সিরিজের শেষ টি-টোয়েন্টি না খেলায় এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছেন তিনি। শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।




