থার্ডআই ডেস্ক:
ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে নতুন একটি নিরাপত্তা চুক্তির জেরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে একটি পূর্বনির্ধারিত সামরিক সংলাপ বাতিল করেছে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির জন্য অস্ট্রেলিয়া অকাস চুক্তিতে সই করার পর প্যারিস ক্ষুব্ধ হয়। কারণ এই চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে একটি বড় সাবমেরিন ক্রয়চুক্তি থেকে বেরিয়ে আসে দেশটি।
যদিও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ওই চুক্তি নিয়ে ফ্রান্সের চিন্তার কিছু নেই।
কিন্তু এই সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে ফ্লোরেন্স পার্লির বৈঠক বাতিল করা হয়েছে। ফ্রান্সে থাকা সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত লর্ড রিকেটস, যার দুই দিনের ওই আলোচনার সহসভাপতি হওয়ার কথা ছিল, তিনি নিশ্চিত করেছেন যে বৈঠকটি ‘পরবর্তী তারিখের জন্য স্থগিত করা হয়েছে’।
গত সপ্তাহে সম্পন্ন হওয়া অকাস চুক্তিকে, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবিলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এ চুক্তিটির মাধ্যমে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে করা অস্ট্রেলিয়ার আরও একটি চুক্তি বাতিল হয়ে যায় যার আওতায় ৬৬ বিলিয়ন ডলার মূল্যের ১২টি প্রচলিত সাবমেরিন তৈরি করার কথা ছিল।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভ লে দ্রিয়াঁ একে ‘পিঠে ছুরিকাঘাত’ উল্লেখ করে ‘মিত্র ও অংশীদারদের মধ্যে অগ্রহণযোগ্য আচরণ’ বলে বর্ণনা করেছেন।
মিত্রদের মধ্যে কার্যত অভাবনীয় এমন পদক্ষেপের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওয়াশিংটন এবং ক্যানবেরায় থাকা ফরাসি রাষ্ট্রদূতদের প্রত্যাহারের আদেশ দেন।




