থার্ডআই ডেস্ক:

তুরস্কের সেকুলারদের অভিযোগ, প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান ভোট বাড়াতে ইসলামকে ব্যবহার করছেন। তার রাজনৈতিক দলের নাম জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) হলেও দলটির বিরুদ্ধে ধর্মভিত্তিক রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগটা পুরোনে।

এরদোয়ানের বিরুদ্ধে ইসলাম ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ বড় হয়ে ওঠে ২০২০ সালে। ১৪৫৩ সালে ইস্তাম্বুল দখলের পর অটোমানরা এক সময়ের গ্রিক গির্জা আয়া সোফিয়াকে মসজিদ বানিয়ে ফেলে।

পরে কামাল পাশার সময় একে জাদুঘরে রূপান্তর করা হয়। তুরস্কে মুসলমান-খ্রিস্টান ঐক্যের প্রতীক হয়ে ওঠা স্থাপনাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদাও পেয়েছিল। কিন্তু আদালতের রায়ে তা আবার মসজিদ হলে জুম্মার নামাজ পড়ে ২০২০ সালে তার উদ্বোধন করেন এরদোয়ান।

সাম্প্রতিক সময়ে তুরস্কের বাইরেও এরদোয়ানের সঙ্গে দেখা যাচ্ছে মূলত ধর্মীয় নেতা আলী এরবাসক। আয়া সোফিয়ায় ৯০ বছর পর যেদিন প্রথম নামাজ হলো, সেদিন খুতবা পড়িয়েছিলেন তিনি। সেই থেকে গুরুত্বপূর্ণ কোনো সরকারি ভবন উদ্বোধন করা হলেই দেখা যায় তাকে।

চলতি মাসে আঙ্কারায় একটি নতুন আদালত ভবনের উদ্বোধন করেন এরদোয়ান। আলী এরবাসকে দিয়ে ইসলাম ধর্ম মোতাবেক বিশেষ দোয়া পাঠ করানোর কারণে আবার শুরু হয় সমালোচন। তুরস্কের ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদরা বলছেন, এর মাধ্যমে ধর্মনিরপেক্ষ সংবিধানের চরম অমর্যাদা হয়েছে।