থার্ডআই ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে পুলিশের একজন উপ-পরিদর্শককে চড় মারার অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে গণ টিকা কেন্দ্রে পুলিশের ওই কর্মকর্তাকে চড় মারার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে গণ টিকা কার্যক্রম শুরু হয়। বিকেল সাড়ে তিনটার সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম তার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে টিকা দিতে কেন্দ্রে যান। তিনি নিয়ম না মেনে তাদের নিয়ে কেন্দ্রের ভেতরে যাওয়ার চেষ্টা করেন।
আরও জানা যায়, আগে থেকে টিকা নিতে আসা লোকজন এর প্রতিবাদ করেন এবং পুলিশকে বিষয়টি জানান। পরে কেন্দ্রের দায়িত্ব পালকারী সখীপুর থানার উপ-পরিদর্শক সানিউল আলম প্রধান শিক্ষক সাদেকুল ইসলামকে কেন্দ্রে ঢুকতে বাধা দেন। এত ক্ষিপ্ত হয়ে সানিউল আলমকে চড় মারেন। সানিউল আলম জানান, শৃঙ্খলা না মেনে ওই প্রধান শিক্ষক জোড় করে কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে উত্তেজিত লোকজন অভিযোগ করলে আমি বাধা দিই। এতে সে আমাকে চড় দেন।
এ বিষয়ে অভিযুক্তের ভাই সরোয়ার হোসেন জানান, ঘটনাটি সামান্য ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। তবে, পুলিশ সেই মীমাংসা না মেনে তাকে গ্রেপ্তার করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, পুলিশের গায়ে হাত তোলায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।




