থার্ডআই ডেস্ক:

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ রোহিঙ্গারা উগ্রবাদী সংগঠন ‘আরসা’কে দায়ী করেছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইষ্ট-ওয়েস্ট ১নং ব্লকে তার অফিসে এ ঘটনা ঘটে। রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪নং এপিবিএনের পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার নাইমুল হক জানান, ‘রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে এপিবিএন সদস্যরা মুহিবুল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মুহিবুল্লাহর মরদেহ রাত ৯ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।