থার্ডআই ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ২টার দিকে পদ্মা নদীর বোগলাউড়ি ঘাট থেকে ৩৫ /৪০ যাত্রী নিয়ে একটি নৌকা শিবগঞ্জের বিশরশিয়া এলাকার উদ্যেশে ছেড়ে যায়। নৌকাটি লক্ষিপুর চরের কাছে পৌঁছালে ঝড় ও প্রচণ্ড বাতাসের কবলে পড়ে ডুবে যায়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে দ্রুত উদ্ধারে নামে।
তিনি বলেন, এ সময় শিবগঞ্জে বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬০) ও তার নাতী সিয়াম (৮), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুরের ভাই বোন মেসবাহুল হক (৫) ও বেবি খাতুনকে (৮) মৃত অবস্থায় উদ্ধার করে।

পিআইও আরিফুল ইসলাম আরো জানান, নৌকাডুবির খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার ফায়ার সর্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। এ পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনো ৮ নিখোঁজ রয়েছে।