থার্ডআই ডেস্ক:

মুমিনুল হকের সেঞ্চুরির পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম পেলেন ফিফটি। সুবাদে বিসিবি এইচপি দলের বিপক্ষে বড় স্কোর গড়ল বাংলাদেশ ‘এ’ দল।

৩২৩ রানের লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের দাপুটে ব্যাটিংয়ের পরও অবশ্য হার মানতে হলো এইচপি দলকে। তবে যুব বিশ্বকাপজয়ী দলের অন্যতম দুই সদস্য তামিম এবং ইমন উজ্জ্বল হয়েই রইলেন। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৩০ রানে হেরেছে এইচপি দল।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই তামিম এবং ইমন ২১.৩ ওভারে ১৩৬ রান যোগ করেন। তৌহিদ হৃদয়ও ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। তবে মিডল ও লোয়ার মিডল অর্ডারে কেউ তেমন সুবিধা করতে না পারায় ৯ উইকেটে ২৯২ রানে থামে এইচপির ইনিংস।

তামিম ১০২ বলে ৮৬ রান করেছেন ৭ চার ও ২ ছক্কায়। ইমন ৫৮ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৭টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি। হৃদয় ৫৬ বলে ১টি করে চার ও ছক্কায় ৪৯ রান করেন। এ’ দলের পক্ষে রুবেল হোসেন সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান ও কামরুল ইসলাম।

এর আগে মুমিনুল হক ‘এ’ দলের পক্ষে ১২১ বলে ১২৮ রানের ইনিংস খেলেন ১১ চার ও ২ ছক্কায়। নাজমুল হোসেন শান্ত ৮৫ বলে ৬৭ রান করেন ২টি করে চার ও ছক্কায়। মুশফিকুর রহিম ৫৩ বলে ৬২ রান করেন ৬ চার ও ১ ছক্কায়। সুবাদে ৭ উইকেটে ৩২২ রানের বড় পুঁজি পায় ‘এ’ দল। এইচপির পক্ষে ৪ উইকেট নেন রেজাউর রহমান।