থার্ডআই ডেস্ক:

শরীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য এবার যৌথভাবে স্বীকৃতি দিয়েছে নোবেল কমিটি। সোমবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে এ পুরস্কার ঘোষিত হয়।

এবার পুরস্কার পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও লেবাননের আর্ডেম পটাপৌটিয়ান।
সূর্যের উষ্ণতা কিংবা প্রিয়জনের স্পর্শ মানবদেহ কীভাবে অনুভব করে তার গবেষণায় এই গবেষকেরা আবিষ্কার করেছেন তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর। মানবদেহের যে নার্ভ সেন্সরের কারণে আমাদের ত্বক তাপ অনুভব করতে পারে সেই সেন্সরকে শনাক্ত করতে অবদান রেখেছেন ডেভিড।

আর আর্ডেম মানবদেহের কোষে আলাদা চাপ-সংবেদনশীল সেন্সর খুঁজে পেয়েছেন। এই সেন্সরের কারণে দেহ কোনো উদ্দীপনায় সাড়া দিতে পারে। তাদের আবিষ্কারকে কাজে লাগিয়ে ক্রনিক ব্যথাসহ আরও নানা ধরনের রোগের চিকিৎসা পদ্ধতি বের করার চেষ্টা চলছে।

আমাদের ইন্দ্রিয় ও পরিবেশের মধ্যে জটিল পারস্পরিক বোঝাপড়ায় গুরুত্বপূর্ণ অনুপস্থিত সংযোগগুলো ডেভিড ও আর্ডেম চিহ্নিত করেছেন বলে জানায় নোবেল কমিটি। ডেভিড জুলিয়াস সানফ্রান্সিসকোয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক। আর আর্ডেম পটাপৌটিয়ান কাজ করেন আমেরিকান স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউটে। এ দুই বিজ্ঞানীর মাধ্যমে ২০২১ সালের নোবেল পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা শুরু হলো।