থার্ডআই ডেস্ক:

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৫৪০ কোটি ৭৮ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা এর আগের অর্থবছরের প্রথম তিন মাসে আসা রেমিট্যান্সের তুলনায় ১৯ দশমিক ৪৪ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৭১ কোটি ৩২ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

তথ্য ঘেঁটে দেখা যায়, চলতি অর্থবছরে টানা তিন মাস ধরে রেমিট্যান্স কমছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে আগের মাস আগস্টের তুলনায় রেমিট্যান্স কমেছে ৪ দশমিক ৬৩ শতাংশ। তাছাড়া গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স কমেছে ১৯ দশমিক ৭৪ শতাংশ।  সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসে ১৭২ কোটি ৬২ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগের মাস আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ১ লাখ ডলার। আর ২০২০ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২১৫ কোটি ১০ লাখ ডলার। এ ছাড়া, গত জুনের তুলনায় জুলাইয়ে রেমিট্যান্স কমেছে ৩ দশমিক ৫৭ শতাংশ। জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিট্যান্স কমেছে ৩ দশমিক ২৮ শতাংশ।  অবশ্য রেমিট্যান্স কমে যাওয়ার আশঙ্কা আগেই করেছিলেন অর্থনীতির বিশ্লেষকরা।

তারা বলছিলেন, করোনার মধ্যে অনেক কর্মী দেশে ফেরত আসার আশঙ্কা থেকে জমানো অর্থ দেশে পাঠিয়ে দিয়েছেন। কেউ কেউ ঘটিবাটি বিক্রি করে ফেরত আসার প্রস্তুতি হিসেবে সব টাকা দেশে পাঠিয়ে দিয়েছেন। এ কারণে করোনার মধ্যেও রেমিট্যান্স বাড়ছিল।