থার্ডআই ডেস্ক:

অক্টোবর মাসের প্রথম ছয় দিনে আরও এক হাজার ৩৪৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চলতি মাসে এই রোগে ৪ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ সকাল পর‌্যন্ত ২৪ ঘণ্টায় ২০৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারও মৃত্যুর খবর আসেনি।

এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৩ জন। বাইরের হাসপাতালগুলোতে আরও ৩৫ জন। সব মিলে এখন দেশে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী আছেন ৮৭৩ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৭১৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১৯ হাজার ৫৪৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫৯৮ জন। গত সেপ্টেম্বর মাসে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয় ২৩ জনের। এর আগে অগাস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।