থার্ডআই ডেস্ক:
দীর্ঘদিনের ক্লান্তিকর ব্যস্ততার পর গত শুক্রবার (৮ অক্টোবর) কাবুলের একটি জনপ্রিয় ওয়াটারসাইড বিনোদন পার্কে ছুটি উপভোগ করেছে শতাধিক তালেবান যোদ্ধা।
মধ্য-আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে এই যোদ্ধারা। এরও আগে মাসের পর মাস যুদ্ধে নিয়োজিত ছিল তারা। ফলে শুক্রবার দিনভর যখন মেশিনগান হাতে অলসভাবে কারগায় অবস্থিত পার্কের এদিক-ওদিক ঘুরে বেড়াতে থাকে তালেবান সৈন্যরা, তা এক অভিনব দৃশ্যের অবতারণা ঘটায়।
‘আমি কাবুলে এসে এবং প্রথমবারের মতো কারগায় ঘুরে বেড়াতে পেরে খুবই উৎফুল্ল বোধ করছি,’ রয়টার্সকে জানান কেন্দ্রীয় ময়দান ওয়ারদাক প্রদেশ থেকে আসা ২৪ বছর বয়সী যোদ্ধা হালিমি। তবে তিনি নিজের পুরো নাম প্রকাশ করতে চাননি।
‘এখানকার মানুষেরা আমাকে ও আমার সঙ্গীদেরকে একদম ভাইসুলভ আচরণে স্বাগত জানিয়েছে,’ তিনি বলেন। সশস্ত্র যোদ্ধারা পার্কে গিয়ে পার্কের জলাশয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা স্টল থেকে চা পান করে এবং বিভিন্ন স্ন্যাকস কেনে।
অনেককে আবার বিনোদন পার্কের বিভিন্ন রাইডে ওঠার জন্যও লাইন দিতে দেখা যায়। তারা পাইরেট শিপ ও ফ্লায়িং চেয়ার্স ক্যারাসেলের মতো রাইডে ওঠে। হালিমির পেছনেই ছিলেন ময়দান ওয়ারদাক থেকে আসা আরেক যোদ্ধা, ২৫ বছর বয়সী জিয়াউল হক। ঘোড়ার পিঠে চড়তে পেরে দারুণ আনোন্দিত মনে হয় তাঁকে।




