থার্ডআই ডেস্ক:

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি (মাহবুব তালুকদার) জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত।

‘নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত, তাকে বাঁচাতে মেডিকেল বোর্ড গঠন করতে হবে’ মাহবুব তালুকদারের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অবাক লাগে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাতে মনে হয় ইসি নয়, তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যা হচ্ছেন তিনি নিজেই’।

সোমবার রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজে। একে একে নেতারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন। ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের বিষাদ সুর। ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একে একে নেতারা দল ছেড়ে যাচ্ছে। তাদের ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের বিষাদ সুর। কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। এখন শুনছি কেন্দ্রীয় সম্মেলন না করে ঘরে বসেই কমিটি করবে। সম্মেলন নেই দলটির।