থার্ডআই ডেস্ক:

বাংলাদেশের স্পিনাররা রীতিমতো চেপে ধরেছিল স্কটল্যান্ডকে। ১১.৩ ওভারে ৫৩ রানে ৬ উইকেট তুলে নিয়েছিল। তবে ক্রিস গ্রিভসের ঝোড়ো ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে ৯ উইকেটে ১৪০ রানের পুঁজি গড়েছে স্কটিশরা।

অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য ১৪১ রান করতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। রবিবার ওমানের আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এ সময় তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা উইকেট, প্রচুর রান হবে। তবে শিশিরের কারণে আমরা রান তাড়া করতে চাই। ’
বাংলাদেশকে অবশ্য খুব বড় কোনো লক্ষ্য দিতে পারেনি স্কটিশরা। টি-টোয়েন্টিতে ১৪১ রান এমন কোনো লক্ষ্য নয়। টাইগাররা যা তাড়া করতে না পারলে সেটি হবে চূড়ান্ত ব্যর্থতা। তবে যেভাবে শুরু ছিল বাংলাদেশের, তাতে স্কটল্যান্ডের রানটা আরো অনেক কম হতে পারত। হয়নি গ্রিভসের কারণে।

২৮ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। মোস্তাফিজুর রহমানের শেষ ওভারে আউট হওয়ার আগে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান। ১৫ ওভার শেষে স্কটল্যান্ডের রান ছিল ৮৭/৬। শেষ ৫ ওভারে ৫৩ রান তুলেছে দলটি। মোস্তাফিজ শেষ ওভারে জোড়া উইকেট পান। গ্রিভসকে ফেরানোর পরের বলে ফেরান জশ ডেভিকে। এর আগে অষ্টম ওভারে মেহেদী হাসানের জোড়া উইকেট ও ১১তম ওভারে সাকিবের জোড়া উইকেটে চাপে ছিল স্কটল্যান্ড।