শাবিপ্রবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম আগামী ২৭ অক্টোবরের পর থেকে সমাপ্তি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার জানান, আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত শাবিপ্রবি মেডিকেল সেন্টারে করোনা টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। ২৭ অক্টোবর দুপুর দুইটার পর থেকে এ কার্যক্রম স্থগিত থাকবে। যেসকল শিক্ষার্থী এখনো টিকা নেয়নি তাদেরকে উল্লেখিত তারিখের মধ্যে টিকাগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, যেসকল শিক্ষার্থী করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেনি, যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু টিকার এসএমএস আসেনি, যারা জন্ম সনদ দিয়ে রেজিস্ট্রেশন করেছে বা করতে পারেনি এরূপ সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে ২৭ অক্টোবর দুইটার আগে টিকা গ্রহণ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়। টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তার কপি, জন্ম সনদ ও স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি মেডিকেল সেন্টারে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২২ থেকে ২৪ অক্টোবর এই তিন দিন ভর্তি পরীক্ষা ও সাপ্তাহিক ছুটির জন্য টিকা প্রদান কর্মসূচি বন্ধ থাকবে।




