থার্ডআই ডেস্ক:

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের জন্য কীভাবে দেশটির নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে সেটি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন এ কথা বলেন।

তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচন সুষ্ঠু হওয়ার ও ভোটারদের সুরক্ষার জন্য একজন বাইরের বন্ধু হিসেবে যতটুকু সহায়তা করা সম্ভব আমরা করব।
তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে সেটি বিদেশিদের বলার কথা নয়, এটি নির্ধারিত হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী।

এ বিষয়ে নির্বাচন কমিশন কি প্রস্তুতি নিচ্ছে তা আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করব জানিয়ে রবার্ট ডিকসন বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থী যেন অংশগ্রহণের সুযোগ পায়, সেটি জরুরি। এটি অবশ্যই নির্ভর করবে বাংলাদেশের জনগণের ওপর। তিনি বলেন, নির্বাচন কীভাবে হবে সেটি ঠিক করবে বাংলাদেশ। তবে এদেশে আমাদের বন্ধুদের সঙ্গে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করব। আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসাবে যুক্তরাজ্য এ ক্ষেত্রে সহযোগিতা করে বলে তিনি জানান।

যুক্তরাজ্যে বসে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো কিছু ব্যক্তিকে ফেরত আনার জন্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তি করতে চায় সরকার। এ বিষয়টি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের এই হাইকমিশনার। তিনি বলেন, ‘কার কার প্রত্যাবর্তন চাওয়া হয়েছে সেই বিষয়ে কিছু বলব না, কারণ তা ঠিক হবে না’।