থার্ডআই ডেস্ক:

দেশে ১২ বছর বা এর বেশি বয়সী তরুণদের কোভিড ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র হতে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের আরও ৩৫ লাখ ডোজ উপহার পাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘এই সহায়তার ফলে তরুণেরা, বিশেষ করে ছাত্ররা, কোভিড-১৯ থেকে নিজেদের রক্ষা করতে এবং নিরাপদে তাদের পড়াশোনা এবং সামাজিক জীবন আরও সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে সক্ষম হবে। ১২ বছর বা তার বেশি বয়সের তরুণদের নিরাপদে ভ্যাকসিন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র শত শত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ চালানসহ এ পর্যন্ত বাংলাদেশকে ১৫ কোটি ডোজ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ১২ বছর থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি ব্যবহারের জন্য ফাইজার বায়োটেক কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দেয়।