থার্ডআই ডেস্ক:
নভেম্বরের প্রথম দিন থেকেই ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘খুব দ্রুতই সারা দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া হবে। পহেলা নভেম্বর থেকে ঢাকার ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। জাহিদ মালেক বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভা শেষে উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা দেওয়ার জন্য কেন্দ্র বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী যেসব স্থানে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা নেই সেখানে দ্রুততার সঙ্গে শীতাতপ সুবিধা তৈরির পাশাপাশি ঢাকায় টিকা কেন্দ্র বৃদ্ধিসহ দেশের সব জেলায় ক্রমান্বয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
জাহিদ মালেক বলেন, ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এ জন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২-১৭ বছর বয়সী শিশুদের টিকা দেবার কাজ শুরু করা হবে।




