শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে খুব শীঘ্রই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের বুথ স্থাপন করা হবে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই। এজন্য বিভিন্ন সময় তাদের ঝামেলা পোহাতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষার্থীদের পরিচয়পত্র নিবন্ধন করতে সহায়তা করবো। এজন্য নির্বাচন কমিশনের সাথে আলাপ-আলোচনা হয়েছে। এ ব্যাপারে সর্বোচ্ছ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তারা।

তিনি আরো বলেন, জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকে করোনা টিকা নিতে সমস্যার সম্মুখীন হয়েছেন। এজন্য শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ করোনা টিকার আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ শাখায় আগামী ৪ নভেম্বর মধ্যে একটি আবেদন করতে হবে। আবেদনের সাথে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে।

ডকুমেন্টসগুলোর মধ্যে রয়েছে- Services.nidw.gov.bd ওয়েবসাইটে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে ভোটার ফরম পূরণ করার পর এটি ডাউনলোড করে প্রিন্ট কপি জমা দিতে হবে। এই ফরম পূরণ করার সময় পিতা মাতার এনআইডি উল্লেখ করলে ভালো হবে। এছাড়া, জন্মসনদের ফটোকপি, এসএসসি বা সমমানের সনদের ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র জমা দিতে হবে।

তিনি আরো জানান, জাতীয় পরিচয়পত্র জমা না দিয়ে যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে করোনা টিকা গ্রহণ করেছে, তাদের টিকা সনদ তোলার সময় এনআইডি না থাকার ফলে জটিলতা তৈরি হতে পারে। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ শাখায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য ডকুমেন্টস পাঠানোর আহ্বান জানান তিনি।