শাবি প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে দেড় বছর বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে।
শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। বহুদিন পর সহপাঠী বন্ধু-বান্ধবদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেন তারা। সুনশান নীরবতার ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কয়েকটি একাডেমিক ভবন ঘুরে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন বিভাগ শিক্ষার্থীদের বরণ করে নেয়। এ সময় শিক্ষার্থীদের দেওয়া হয় চকলেট, মাস্ক ও চাবির রিং।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভাগের নির্দেশনা ছিল, করোনার টিকার অন্তত এক ডোজ যেসব শিক্ষার্থী নিয়েছেন শুধু তারাই সশরীরে ক্লাসে অংশ নিতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে আসতে বলা হয়।
সশরীরে ক্লাস-পরীক্ষা শুরুর প্রথম দিনে বিভাগে এসব নির্দেশনা মানতে দেখা গেছে। সশরীরে শিক্ষা কার্যক্রম চালু হলেও বিশ্ববিদ্যালয়ে অনলাইনেও শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
নৃবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের ছাত্রী নুজহাত মুনাওয়ারা লোকমান বলেন, দীর্ঘ বন্ধের পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। এটা খুবই আনন্দের। সশরীরে ক্লাস করতে পেরে ভাল লাগছে। অনলাইনে ক্লাস হওয়ার কারণে যেসব ঘাটতি হয়েছে আশা করি এখন তা পূরণ হবে। সশরীরে ক্লাসের কোনো বিকল্প নেই।’




