থার্ডআই ডেস্ক:
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। শনিবার দুপুরের মধ্যে ভাড়া সমন্বয় না করলে বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মালিকরা।
শুক্রবার লঞ্চ মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) পাঠানো হয়েছে বলে জানিয়েছে লঞ্চ মালিক সমিতি।
অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘যাত্রীবাহী লঞ্চের যাত্রী ভাড়া বৃদ্ধির লক্ষ্যে সংস্থার পক্ষ হতে নৌপরিবহন মন্ত্রণালয় ও আপনার দপ্তরে বহুবার আবেদন করা হলেও ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আগামী ৮ নভেম্বর ভাড়া নির্ধারণের প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটি একটি সভা আহ্বান করে। কিন্তু গত ৩ নভেম্বর সরকার হঠাৎ করে জ্বালানি তেল তথা ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ঘোষণা দেন এবং ওই দিন রাত ১২টা থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়’।




