থার্ডআই ডেস্ক:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আফগান দূতাবাসের কার্যক্রম ফের শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছে তালেবান সরকার। টোলো নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে তালেবান সরকার জানায়, পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থী, সাধারণ ব্যবসায়ী, পাকিস্তানি নাগরিক ও সম্মানিত বিদেশী নাগরিকরা যদি আফগানিস্তান ভ্রমণ করতে চান তাহলে দেশটিতে অবস্থিত আফগান দূতাবাসকে এসব তথ্য জানাতে হবে।
এখন থেকে ইসলামাবাদে অবস্থিত আফগান দূতাবাস অথবা পেশোয়ার, করাচি ও কোয়েটার আফগান কনস্যুলেট আগের মতো তাদের কার্যক্রম পরিচালনা করবে। সপ্তাহে পাঁচ দিন ধরে এসব আফগান মিশনের কার্যক্রম চলবে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বিদ্যমান আফগান শরণার্থী সংকট মোকবেলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে তিনি বলেন, সেখানে আফগান দূতাবাস ও কনস্যুলেটের যেসব কর্মীরা রয়েছেন, তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। কারণ দূতাবাস ও কনস্যুলেট সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়ে সবাই অবহিত আছেন। এর মানে এই নয় যে আমাদের কূটনীতিকরা পাকিস্তানে যাবে এবং তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করবে।
এদিকে ইসলামাবাদে আফগান দূতাবাসের কার্যক্রম ফের শুরু হওয়ায় আফগানিস্তানে নানামুখী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আফগানিস্তানের রাহ-ই-নেজাত কাউন্সিলের প্রধান সাইয়েদ আকবর আগা বলেন, পাকিস্তানে আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের উপকারের জন্য দূতাবাসের দৈনন্দিন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।




