থার্ডআই ডেস্ক:
করোনায় দেশে মৃত্যুহার নিয়ন্ত্রণে আসার কারণ ব্যাখ্যা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এখন করোনা নিয়ন্ত্রণে আছে, সবার চেষ্টায় এটা হয়েছে। মৃত্যুর হার কমার একটি কারণ হলো, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা হয়েছে। দ্বিতীয় কারণ হালো, টিকাদান বিরাট ভূমিকা রেখেছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত ‘ডায়াবেটিস চিকিৎসা: বর্তমান ও আগামীর ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা একটি পরিকল্পনার মাধ্যমে টিকা দিয়েছি। আমরা ২১ কোটি ভ্যাকসিন কিনেছি। ১০ কোটির বেশি আমরা রিসিভ করেছি। সাড়ে ৭ কোটি ডোজ আমরা দিয়েছি। টিকাদানে বয়স্কদের প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ যারা মারা গেছেন, তাদের বেশির ভাগের বয়স ৪৫ বছরের বেশি। মৃত্যুহার কমে গেছে কারণ তারা সবাই টিকা পেয়ে গেছেন। আমাদের প্রায় ৫ কোটি ভ্যাকসিনেটেড হয়ে গেছে।
৪ কোটি মানুষ দ্বিতীয় ডোজও পেয়েছেন। ’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন ওষুধের আমরা অনুমোদন দিলাম। সেটাও বিরাট আশীর্বাদ হিসেবে কাজ করবে বলে আমি আশা করি। যারা করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের অর্থনীতি ধ্বংস হয়েছে। বাংলাদেশের অর্থনীতি এখনো সিক্স প্লাস গ্রোথে আছে। কারণ করোনা নিয়ন্ত্রণে, কারখানা চলছে, কৃষি চলছে, স্কুল-কলেজ আমরা খুলে দিয়েছি।




