থার্ডআই ডেস্ক:

আগামী ১৬ নভেম্বর থেকে কক্সবাজারের অন্যতম পর্যটন স্পট প্রবালদ্বীপে পর্যটক যাতায়াত শুরু হচ্ছে। প্রথমদিন কেয়ারি ডাইন নামের জাহাজটি প্রায় সাড়ে ৩০০ যাত্রী নিয়ে টেকনাফ থেকে যাত্রা করার কথা রয়েছে।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পর্যটন নিয়ে কাজ করা সংগঠন ‘পদক্ষেপ’ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের একমাত্র জেটিটি ভঙ্গুর প্রায়। এটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় মৌসুম শুরুর দেড় মাস হয়ে গেলেও সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করা যায়নি।

কিন্তু প্রশাসনের তদারকিতে ভঙ্গুর জেটিটি সংস্কার করা হচ্ছিল পক্ষকাল ধরে। এটি মোটামুটি চলাচল উপযোগী করতে পারায় মঙ্গলবার থেকে পরীক্ষামূলক এ মৌসুমের প্রথম জাহাজ যাত্রা শুরু করবে। এদিন পর্যটকরা নিরাপদ যাতায়াত করতে সক্ষম হলে বাকি জাহাজগুলোও পর্যটক সেবায় চলাচল করবে বলে জানান তিনি।

তোফায়েল আহমেদ আরও বলেন, এ বছর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলের অনুমতির জন্য কক্সবাজার জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ডাইন, পারিজাত, ফারহান, রাজহংস ও সুকান্ত বাবু নামে ছয়টি জাহাজ। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে সব কাগজপত্র জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। এখন প্রথম জাহাজ ঠিকভাবে ফেরত আসলে বাকিরা হয়তো চলাচলের অনুমতি পেতে পারে।