থার্ডআই ডেস্ক:

সিলেট বিভাগে ১২ দিন পর করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেটের দুইজন, সুনামগঞ্জের একজন রয়েছেন। ৪ নভেম্বরের পর বিভাগে করোনায় কোনো মৃত্যু হয়নি।
বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বিভাগে ৮০৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার দশমিক ৭৩।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৮০ জন।
প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৯৩৪ জনের শরীরে। এর মধ্যে সিলেটে ৩৩ হাজার ৮৬৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫, হবিগঞ্জে ৬ হাজার ৬৫৫ ও মৌলভীবাজারে করোনা শনাক্ত মানুষের সংখ্যা ৮ হাজার।