থার্ডআই ডেস্ক:
দিনাজপুর সদরের একটি মেস থেকে মাধবী রানী বর্মণ নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঁশেরহাট এলাকার একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মাধবী রানী বর্মণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি পঞ্চগড় জেলায়।
স্থানীয়রা জানান, বাঁশেরহাট এলাকায় জয়ন্ত ছাত্রীনিবাস নামে একটি মেসে থাকত ওই ছাত্রী। বৃহস্পতিবার বিকালে মেসের একটি কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ এবং কোনো সাড়াশব্দ না পেয়ে কোতোয়ালি পুলিশকে খবর দেন মেস মালিক। পুলিশ খবর পেয়ে রাত ৯টায় ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেসের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




