নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’র দাবি নিয়ে বাস মালিকদের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বিআরটিএ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় বৈঠক শেষ হয়। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে সরকার আন্তরিক। তবে পরিবহন মালিকেরা কমাতে রাজি নন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) হিসেবে শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানোর বিষয়টি বিবেচনায় নিতে। আজ পরিবহনমালিকদের অন্য একটি বৈঠক ছিল। এ জন্য তাদের সব প্রতিনিধি আসতে পারেননি। তাই যত তাড়াতাড়ি সম্ভব, নিজেদের মধ্যে বসে একটি প্রস্তাব দেওয়ার জন্য পরিবহন মালিক সমিতির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সচিব বলেন, ভাড়ার বিষয়টি চাপিয়ে দেওয়া যাবে না। সরকার যদি নির্দিষ্ট একটি হার উল্লেখ করে বলে দেয়, বেসরকারি মালিকদের সেটা মানতে হবে। তাহলে তারা হয়তো বাস চালানো বন্ধ করে দিতে পারেন। তখন আরেক জনভোগান্তি হবে। এ জন্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান তারা।

তিনি জানান, সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিতে শিক্ষার্থীদের ভ্রমণের সময় ভাড়া ছাড় দেওয়া হবে। তবে কত ছাড় দেওয়া হবে, তা শুক্রবার জানিয়ে দেবেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বেসরকারি পরিবহন মালিকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়ে কোনো সুরাহা হয়নি।