নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। এ ক্ষেত্রে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে আলাদা স্ক্রিনিংয়ের আওতায় আনার কথাও বলা হয়েছে।

আফ্রিকার কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের সরাসরি আকাশপথে যোগাযোগ নেই। তবে তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিয়ে দেশে প্রবেশের সুযোগ রয়েছে। তাই ট্রানজিট যাত্রীর মাধ্যমেও যাতে দেশে ওমিক্রন প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক থাকার কথা জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ওমিক্রন ঠেকাতে জাতীয় পরামর্শক কমিটি যেসব পরামর্শ দিয়েছে, তার মধ্যে আক্রান্ত দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রাখা অন্যতম। বাংলাদেশে সংক্রমিত দেশ থেকে আসা যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া, বাংলাদেশে ঢোকার আগে ১৪ দিনের মধ্যে কেউ এসব দেশে গেলে তাকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার কথা বলা হয়েছে।