নিজস্ব প্রতিবেদক
দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে; সেই সঙ্গে বেড়েছে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত রোগীর হার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করে ৩৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ জন পুরুষ মারা গেছেন এবং তাদের ১ জন চট্টগ্রাম ও ১ জন খুলনা বিভাগের। গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।




