নিজস্ব প্রতিবেদক
দেশের ২২ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা পাবেন বীর মুক্তিযোদ্ধারা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সরকারি ও বিশেষায়িত হাসপাতালগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে।
এ সমঝোতা স্মারক আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে।
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের পক্ষে সচিব খাজা মিয়া এবং স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষে সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া সমঝোতা স্মারকে সই করেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




