নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৭৫ জনের শরীরে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৮৭ জন।

এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা করে ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন ও রাজশাহী বিভাগে একজন মারা গেছেন। গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।