শাবি প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করেন তারা। মিছিলে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ‘ধর্ষকদের আস্তানা, এই বাংলা হবেনা’, ‘গর্জে উঠো একসাথে ধর্ষকদের বিরুদ্ধে’, ‘ধর্ষকদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আমার বোন ধর্ষিত কেন প্রশাসন জবাব চাই’, ‘রক্ত রক্ত আরো দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘সারা বাংলার ছাত্রসমাজ এক হও লড়াই করা’, ‘আগুন জালো একসাথে ধর্ষকদের বিরুদ্ধে’, ‘হামলাকারীর বিরুদ্ধে গর্জে উঠো একসাথে’, ‘লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাচতে চাই’, ‘অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠো একসাথে’, ‘ধর্ষকদের বিষ দাঁত ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দেন তারা।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গণিত বিভাগের শিক্ষার্থী উমর ফারুক বলেন, আমরা বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থী ধর্ষণের ঘটনা এবং ধর্ষকদের শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে ধর্ষক এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাই।

শাবি উপাচার্য বিরোধী আন্দোলনে সারাদেশের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষের সমর্থনের কথা স্মরণ করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল বাশার বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনে সারাদেশের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ যেমন সমর্থন জানিয়েছিল, আমরা ছাত্র সমাজ একইভাবে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই দেশ সুন্দর করে গড়বো।