জবি প্রতিনিধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হরতালের প্রচারকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
এতে প্রগতিশীল ছাত্র জোটের কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার রফিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা ক্যাম্পাসের রফিক ভবনের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতালের প্রচারকালে শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মীরা ছাত্রজোটের ওপর হামলা করে এবং লিফলেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে।
হামলার বিষয়ে প্রগতিশীল ছাত্রজোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হরতালের প্রচারকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা করেন এবং লিফলেট ছিনিয়ে নেন।
তিনি বলেন, ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজ উল্লাহ্সহ ৫-৬ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
হামলার ঘটনা অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী।
তিনি বলেন, কিছু বহিরাগত লোক ক্যাম্পাসে এসে সরকার বিরোধী কার্যক্রম চালাচ্ছিল। এ সময় আমরা তাদের লিফলেটগুলো নিয়ে নিই। হামলার কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে লিফলেট দিতে আসছিল। এই নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। বিষয়টি মীমাংসা হয়েছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে প্রগতিশীল ছাত্রজোট।




