নিজস্ব প্রতিবেদক
ব্যয় সংকোচনে সরকারের উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক নিজেদের কর্মকর্তাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে।
এ উদ্দেশ্যে ব্যক্তিগত কাজে অফিসের গাড়ি ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, অপ্রয়োজনে বাতি না জ্বালানো, গিজার, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে জ্বালানি (পেট্রোল, ডিজেল, গ্যাস ইত্যাদি), অয়েল ও লুব্রিকেন্টের ব্যবহার ২০ শতাংশ বা ততোধিক কমিয়ে আনার কথা বলা হয়েছে। কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা জ্বালানির অপব্যবহার (যেমন, ব্যক্তিগত কাজে অফিসের গাড়ির ব্যবহার, প্রাধিকার বহির্ভূত গাড়ি বরাদ্দ ইত্যাদি) রোধ করা ও এর ব্যত্যয় হলে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এ ছাড়া বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ বা ততোধিক কমিয়ে আনতেও কার্যকর ব্যবস্থা জোরদার করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বলছে, বিদ্যুৎ অপব্যবহারের ক্ষেত্রগুলো (যেমন- প্রাধিকারের বাইরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, অপ্রয়োজনীয় বিদ্যুৎ বাতি জ্বালানো, গিজার, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক সরঞ্জামের অধিক ও অপ্রয়োজনীয় ব্যবহার ইত্যাদি) চিহ্নিত করে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবস্থা নেয়ার তাগিদ দেওয়া হয়েছে।




