সাদিয়া মৌরি
কফি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়ের মধ্যে অন্যতম। পৃথিবীতে গড়ে প্রতিদিন প্রায় ২ দশমিক ২৫ বিলিয়ন কাপ কফি পান করা হয়। দিনের শুরুতে এক কাপ কফি কাজের উদ্যমকে বাড়িয়ে দেয়। কাজের মধ্যে অবসাদ এলেও মনে হয় এক কাপ কফি হলে বেশ হতো।
এই কফি প্রস্তুত প্রণালির ভিন্নতায় স্বাদে অনেক ধরনের হয়। কফিশপগুলোর মেন্যুতে বেশ কয়েক ধরনের নাম দেখতে পাওয়া যায়। লাটে, ক্যাপেচিনো, মকা, অ্যামেরিকানোসহ অনেক প্রকারভেদ। কিন্তু অনেকেই জানেন না এদের স্বাদের কী কী ভিন্নতা এবং কোন কফিটি অর্ডার করবেন এ নিয়েও দ্বিধায় পড়ে যান। আজ আমরা জানব কোন কফি প্রস্তুতে কী ব্যবহার করা হয়, যাতে আপনি আপনার পছন্দের ধরনটি কী হবে, তা সহজে অনুমান করতে পারেন।
বিভিন্ন ধরনের কফি : মূলত কফি পাউডার, পানি, দুধ ও ক্রিম_ এসবের তারতম্যেই তৈরি হয় ভিন্ন ভিন্ন স্বাদের কফি।
এসপ্রেসো : কফি পাউডারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে ঘন কফির মিশ্রণ তৈরি করা হয়, যা এসপ্রেসো নামে পরিচিত। এটি মূলত কফি তৈরির মূল উপাদানের একটি। এর স্বাদ অত্যন্ত তেতো।
এক কাপ কফি তৈরি করতে ৩০ থেকে ৩২ মিলি লিটার এসপ্রেসো ব্যবহার করা হয়। কেউ খুব বেশি কড়া কফি খেতে চাইলে ডাবল এসপ্রেসো দিয়ে কফি তৈরি করতে পারেন।
অ্যামেরিকানো : এসপ্রেসোর সঙ্গে গরম পানি মিশিয়ে তৈরি হয় অ্যামেরিকানো। এতে কোনো ধরনের দুধ বা ক্রিম ব্যবহার হয় না। ল্যাটিন আমেরিকায় এর প্রচলন সর্বপ্রথম দেখা যায়। তবে ইতালিতেও এ ধরনের কফির প্রচলন ছিল। এটি বেশ কড়া, তাই অনেকে খেতে পারে না। কিন্তু এর স্বাস্থ্য গুণ বেশ ভালো।
ফ্ল্যাট হোয়াইট : এসপ্রেসোর সঙ্গে ভাপ ওঠানো দুধ মিশিয়ে তৈরি হয় ফ্ল্যাট হোয়াইট। সঙ্গে ক্রিমও মেশানো হয়ে থাকে। ১৯৮০-এর দিকে অস্ট্রেলিয়ায় প্রথম এই কফি প্রস্তুত করা হয়। তবে নিউজিল্যান্ডে এর উদ্ভাবন বলেও মত আছে।
মাকিয়াটো : এসপ্রেসোর সঙ্গে পানি বা দুধের পরিবর্তে মিল্ক ফোম দিলে হয়ে যাবে মাকিয়াটো। এটি বেশ কড়া। বলা যায়, এসপ্রেসোর পরে এটিই সব থেকে কড়া কফি। ক্যাফেগুলোতে মেশিনের সাহায্যে মিল্ক ফোম তৈরি করা হয়। আর ঘরে তৈরি করতে হলে একটি পাত্র থেকে অন্য একটি পাত্রে ওপর থেকে ঢেলে ফেনা তৈরি করে বানানো যায়।
লাটে : এসপ্রেসো, দুধ ও মিল্ক ফোমের মিশ্রণে তৈরি হয় লাটে। একটি কাপে চার ভাগের একভাগ এসপ্রেসো, দুই ভাগ দুধ ও একভাগ মিল্ক ফোম এই অনুপাতে লাটে তৈরি করা হয়। দুধের পরিমাণ বেশি থাকায় এটি বেশ হালকা। লাটেতে ফোমের ওপর বিভিন্ন শিল্পকর্ম করে পরিবেশন করা হয়।
ক্যাপেচিনো : লাটের মতো ক্যাপেচিনোতেও এসপ্রেসো, দুধ ও মিল্ক ফোম_ এ তিনটি উপকরণ ব্যবহার করা হয়। পার্থক্য শুধু ব্যবহারের অনুপাতে। ক্যাপেচিনো তৈরি করতে একটি কাপের তিন ভাগ ধরে প্রতিটি উপাদান সমান অনুপাতে ব্যবহার করা হয়। ১০০ মিলি লিটারের কাপ হলে ৩৩ মিলি এসপ্রেসো, ৩৩ মিলি দুধ ও ৩৩ মিলি মিল্ক ফোম মিশিয়ে হয় ক্যাপেচিনো। এসপ্রেসো কফির অনুপাত বেশি থাকায় এটি লাটের চেয়েও কড়া। ক্যাপেচিনোতেও ফোমের ওপর বিভিন্ন ডিজাইন করে পরিবেশন করা হয়। এটিই সর্বাধিক জনপ্রিয় ধরনের কফি।
মকা : এসপ্রেসো, দুধ ও মিল্ক ফোমের সঙ্গে যুক্ত হয় চকলেট সিরাপ। ব্যাস হয়ে গেল মকা। অনেকে এটিকে চকলেট কফিও বলে থাকে। এর নামকরণ ইয়েমেনের মকা নগরীর নামে করা। একসময় মকা নগরীতে কফির কেনাবেচার বাণিজ্য চলত। তাই হয়তো এই নামকরণ।
এফোগ্যাটো : দুধের সঙ্গে ভ্যানিলা আইসক্রিম দিয়ে তার ওপর এসপ্রেসো ঢেলে দিন। হয়ে যাবে এফোগ্যাটো। এটি ডেজার্ট হিসেবেও খাওয়া হয়। ইউরোপে বেশ জনপ্রিয় এফোগ্যাটো। এ ছাড়া ঠাণ্ডা কফির মধ্যে আইস কফি, কেরেমেল মাকিয়াটো, কোল্ড ব্রিউ কফি, ফ্রেপে ইত্যাদি খুবই জনপ্রিয় ধরনের কফি। আবার বিভিন্ন দেশে নিজেদের বিশেষ উপাদান ও রেসিপি ব্যবহার করেও ভিন্ন স্বাদের কফি তৈরি হয়। যেমন : টার্কিশ কফি, আইরিশ কফিতে দেশীয় স্বাদ যুক্ত করা হয়। আপনি যদি কফিপ্রেমী হয়ে থাকেন কফিশপের মেন্যু থেকে অর্ডার করে ফেলুন পছন্দের কফিটি।




