নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ৭১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ডেঙ্গু রোগী নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪১৬ জনে।

শনিবার (৮ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৯ জন এবং ঢাকার বাইরে ২১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নতুন ৭১২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪১৬ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮৩৮ জন এবং ঢাকার বাইরে ৫৭৮ জন।

আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৮ ই অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ২০ হাজার ২৩৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ১৭ হাজার ৭৫২ জন।